নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: রিয়েল এস্টেটে আরও এক বড় বিনিয়োগ করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। অযোধ্যার পর এবার মহারাষ্ট্রের পুণের মুলশি এলাকার পিম্পরি গ্রামে প্রায় ২৫.৭ একর জমি কিনেছেন তিনি।
সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা CRE Matrix-এর রিপোর্ট অনুযায়ী, মোট ১,০৪,০০০ বর্গমিটার আয়তনের চারটি সংলগ্ন প্লটের জন্য রণবীর কাপুর খরচ করেছেন প্রায় ১৬ কোটি ৪২ লক্ষ টাকা। গত ৩০ এপ্রিল, ২০২৬ এই সম্পত্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
সরকারি নথি অনুযায়ী, চারটি প্লটের মধ্যে ২১,৪০০ বর্গমিটারের জমির মূল্য ৩.৩১ কোটি টাকা, ২৯,৯০০ বর্গমিটারের প্লটের দাম ৪.৬২ কোটি টাকা, ৪৩,৮০০ বর্গমিটারের সবচেয়ে বড় প্লটটির মূল্য ৭.০৭ কোটি টাকা এবং ৮,৯০০ বর্গমিটারের প্লটটি কেনা হয়েছে ১.৩৯ কোটি টাকায়। এছাড়া স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৮২.১৩ লক্ষ টাকাও প্রদান করেছেন অভিনেতা।
এর আগেও চলতি বছরে উত্তরপ্রদেশের অযোধ্যা-তে 'দ্য সরযূ' প্রকল্পে প্রায় ৩.৩১ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল প্লট কিনেছিলেন রণবীর। সেই সময় তিনি জানিয়েছিলেন, অযোধ্যার সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মূল্যবান উত্তরাধিকার হয়ে থাকবে।
এদিকে সম্পত্তিতে বিনিয়োগের পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত রণবীর। পরিচালক নীতেশ তিওয়ারি-র বহুল প্রতীক্ষিত রামায়ণ ছবিতে তাঁকে প্রভু শ্রীরামের চরিত্রে দেখা যাবে। ছবিতে আরও রয়েছেন যশ এবং সাঁই পল্লবী।

