মোদী-ডেলসি বৈঠকে জোর শক্তি ও বাণিজ্য সহযোগিতায়, সম্পর্ক আরও মজবুত করার বার্তা
ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ-এর মধ্যে। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউস-এ অনুষ্ঠিত এই বৈঠকে শক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে তেল ও গ্যাস, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই প্রেক্ষাপটে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে জ্বালানি সহযোগিতা এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে।
এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ডেলসি রড্রিগেজের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
৩ জুন থেকে ৭ জুন পর্যন্ত সরকারি সফরে ভারতে এসেছেন ডেলসি রড্রিগেজ। সফরকালে তিনি ভারতের বিভিন্ন শিল্প ও অবকাঠামো প্রকল্পও পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।
বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জানান, শক্তি, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন।
আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এই উচ্চপর্যায়ের বৈঠককে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

