দেরিতে হলেও ভোটের ময়দানে কংগ্রেস, শ্রীরামপুরে প্রার্থী শুভঙ্কর
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :ভোটের মুখে কিছুটা দেরি হলেও এবার প্রচারের ময়দানে নামছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তৃণমূল, বিজেপি ও বাম দলগুলি প্রচারে গতি এনেছে। সেই তুলনায় পিছিয়ে থাকলেও এখন কোমর বেঁধে নামতে প্রস্তুত কংগ্রেস।
দলীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুর কেন্দ্র থেকে ২০২৬ সালের নির্বাচনে লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বুধবার রাতে বাকি ১০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস, যেখানে তাঁর নাম নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া কেন্দ্রেও চমক দিয়েছে দল। এখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল ত্যাগী বিধায়ক ও কংগ্রেসের পুরনো সদস্য কাজি আবদুর রহিম-কে।
প্রার্থী তালিকা ঘোষণার পরই সক্রিয় হয়ে উঠেছেন শুভঙ্কর সরকার। বৃহস্পতিবার থেকেই এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি দলীয় ইস্তেহার প্রকাশ হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র উপস্থিতিতে।
এছাড়া কংগ্রেসের প্রচার জোরদার করতে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী-কে বাংলায় প্রচারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভঙ্কর সরকার আগেই জানিয়েছেন, শ্রীরামপুরের মানুষের দাবি মেনেই তিনি প্রার্থী হচ্ছেন। গত নির্বাচনে তিনি প্রায় ৬২ হাজার ভোট পেয়েছিলেন। যদিও তাঁর ছেলে ‘আন্দোলন’-কে প্রার্থী করার দাবি উঠেছিল একাংশের তরফে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাইকমান্ড।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী আন্দোলন বিদেশে আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠায় রাজনীতির প্রতি তাঁর আগ্রহ রয়েছে। ইতিমধ্যেই বাবাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন তিনি। ফলে ভবিষ্যতে তাঁকেও সরাসরি রাজনীতিতে দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

