বকেয়া ডিএ নিয়ে নড়েচড়ে বসল নবান্ন, বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন , নিউজ ইন্ডিয়া ডেস্ক : ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক দাবি মেটাতে তৎপর হল নবান্ন। বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে বহুদিন ধরেই অসন্তোষ ছিল কর্মীদের মধ্যে। সেই পরিস্থিতিতে এবার দ্রুত সমাধানের পথে এগোচ্ছে রাজ্য সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। এবার সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী এবং পেনশনভোগীদের ডিএ (DA) ও ডিআর (Dearness Relief) মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিষয়কে কেন্দ্র করে বুধবার অর্থ দফতরের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিক্ষা, উচ্চশিক্ষা, পুর ও নগরোন্নয়ন, পঞ্চায়েত, পরিবহন, সংখ্যালঘু বিষয়ক সহ একাধিক দফতর এতে অংশ নেয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সব দফতরকে দ্রুত কর্মীসংখ্যা এবং বকেয়া ডিএ/ডিআর সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। বিশেষভাবে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমার তথ্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে।
এই তথ্য সংগ্রহ সম্পূর্ণ হলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। নির্বাচনের আগে এই উদ্যোগ কর্মীদের মধ্যে কতটা স্বস্তি আনে, এখন সেটাই দেখার।

