সিউড়িতে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত একাধিক পুলিশকর্মী
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: বীরভূমের সিউড়ি-তে নির্বাচনের প্রাক্কালে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠল। কাঁকুড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গ্রামবাসী ও নির্মাণ সংস্থার মধ্যে শুরু হওয়া বিরোধ দ্রুত সংঘর্ষের আকার নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় আগে থেকেই জমি নিয়ে মতবিরোধ ছিল। এর মাঝেই হঠাৎ করে রাস্তার কাজ শুরু হওয়ায় ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সিউড়ি থানার আইসি শৈলেন্দ উপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
অভিযোগ, পুলিশ পৌঁছনোর পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর ইট-পাথর ছুড়তে শুরু করে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সংঘর্ষে একাধিক পুলিশ কর্মী আহত হন। গুরুতর জখম হন আইসি শৈলেন্দ উপাধ্যায়, তাঁকে দ্রুত সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে মহিলারাও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্বাচনের আগে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে জমি বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

