রোস্ট ভিডিও ঘিরে বিতর্কে শ্রাবন্তী; বডি শেমিং অভিযোগে সাইবার ক্রাইমে দ্বারস্থ অভিনেত্রী

NEWS INDIA বাংলা
0

 রোস্ট ভিডিও বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী, বডি শেমিং ইস্যুতে সাইবার ক্রাইমে অভিযোগ

Shrabanti cyber complaint over roast video controversy

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: প্রায়শই বিনোদন জগতের মানুষজন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে ঘিরে একটি রোস্ট ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ঝড় উঠেছে। জেলার অন্যতম কনটেন্ট ক্রিয়েটর নিহার বাগচি, যিনি ‘মানচু দাদা’ নামে পরিচিত, তাঁর একটি ভিডিওকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিভিন্ন মন্তব্য উঠে আসে। এই প্রেক্ষিতে একটি রোস্ট ভিডিও তৈরি করেন মানচু দাদা। অভিযোগ উঠেছে, ওই ভিডিওতে অভিনেত্রীকে তাঁর শারীরিক গঠন নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনকি নাচের ভঙ্গি নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর অভিনেত্রী সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বডি শেমিং সহ্য করা অত্যন্ত মানসিক চাপের। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজের জন্য তিনি প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন। সেই লুকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এরপর থেকেই শুরু হয় কটাক্ষ।

অন্যদিকে, মানচু দাদার দাবি—এখনও পর্যন্ত পুলিশ তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তদন্তে প্রয়োজন পড়লে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর বক্তব্য, সরাসরি অভিনেত্রীকে আক্রমণ না করে সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলোকেই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রয়োজনে ভিডিওটি মুছে ফেলতেও তিনি রাজি আছেন।

লাইভে এসে তিনি ব্যক্তিগতভাবে অভিনেত্রীকে নিজের ‘ক্রাশ’ বলেও উল্লেখ করেছেন। এখন নজর পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!