কোচবিহার থেকে মমতাকে তোপ নীতিন নবীনের, দুর্নীতির অভিযোগে সরব বিজেপি
নিজস্বপ্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের মাটি থেকে নিশানা করলেন বিজেপি নেতা নীতিন নবীন।
তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ ও শ্যামাপ্রসাদ মুখার্জির মতো গণ্যমান্য ব্যক্তিত্বদের নাম এই মাটির সঙ্গে জড়িয়ে আছে। দুর্নীতির সঙ্গে এই মাটির নাম যুক্ত হতে পারে না। বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
নীতিন নবীন জানান, বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে। এই যাত্রার মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাবে পরিবর্তন ও বিশ্বাসের বার্তা।
তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, যেকোনও সরকারি প্রকল্পেই দুর্নীতি হয়েছে। বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের টাকা থেকে কাটমানি নেন বলেও অভিযোগ করেন তিনি।
নীতিন নবীনের দাবি, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি কেলেঙ্কারি—প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি মা-বোনেদের জন্য বরাদ্দ অর্থ থেকেও ভাগ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, যেখানে বাংলায় আইটি হাব হওয়ার কথা ছিল, সেখানে দাদাগিরির পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূলের একাধিক মন্ত্রী জেলে গেছেন—তারা কি তীর্থ করতে গিয়েছিলেন? এমন প্রশ্নও তোলেন তিনি।

