মার্কিন–ইরান উত্তেজনায় বাতিল একাধিক আন্তর্জাতিক ফ্লাইট, অনিশ্চয়তায় যাত্রীরা
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া সংঘাতের জেরে গোটা বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
দিল্লি থেকে জুরিখ, মিলান, ভিয়েনা, বার্মিংহাম, আমস্টারডাম, লন্ডন হিথরো, কোপেনহেগেন ও ফ্রাঙ্কফুর্টগামী বহু উড়ান বাতিল হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ১৩০০-রও বেশি বিমান ওঠানামা করে। ফলে হঠাৎ করে ফ্লাইট বাতিল হওয়ায় বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন।
পরবর্তী ফ্লাইট কবে চালু হবে, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
ইরান, ইসরায়েল, কাতার থেকে আবুধাবি—গোটা অঞ্চল জুড়ে ক্রমশ অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কাতার ও সৌদি আরবগামী একাধিক বিমান বাতিলের মুখে পড়েছে। ফলে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উড়ান চালু করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে।
যে যে বিমানগুলি বাতিল হয়েছে:
এমিরেটসের বিমান EK 573 – কলকাতা থেকে দুবাইগামী
ইতিহাদ এয়ারওয়েজের বিমান EY 221 – কলকাতা থেকে আবুধাবিগামী
কাতার এয়ারওয়েজের বিমান QR 541 – কলকাতা থেকে দোহাগামী
এয়ার আরাবিয়ার বিমান 3L 167 – কলকাতা থেকে আবুধাবিগামী
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই চারটি বিমান বাতিল হয়েছে। অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছানোর পরেই বাতিলের খবর জানতে পারেন। সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকেও আগে থেকে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

