ধর্মঘট বনাম উচ্চ মাধ্যমিক: জলপাইগুড়িতে মিছিল, কড়া নজরদারিতে পুলিশ
নিজস্ব প্রতিবেদন ,নিউজ ইন্ডিয়া ডেস্ক:শিল্প ধর্মঘটের আঁচ এবার পৌঁছে গেল জলপাইগুড়িতেও। কেন্দ্রীয় সরকারের ‘শ্রমিক বিরোধী’ নীতির প্রতিবাদে এবং নতুন শ্রমিক কোড (Labour Code) বাতিলের দাবিতে ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে CITU-সহ একাধিক বামপন্থী শ্রমিক সংগঠন। সেই ডাকের প্রভাব দেখা গেল জলপাইগুড়ি শহরেও।
তবে এই ধর্মঘটের আবহের মধ্যেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাস, টোটো এবং অন্যান্য জরুরি পরিবহণ পরিষেবাকে ধর্মঘটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে প্রশাসনের দাবি।
এদিন সকালে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ধর্মঘট সমর্থকরা। “শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে ব্যাঙ্ক, এলআইসি অফিস এবং বাজার এলাকায় দফায় দফায় মিছিল হয়। শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষা এবং বেসরকারিকরণ নীতির বিরোধিতাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে দাবি সংগঠকদের।
অন্যদিকে, ধর্মঘটের জেরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে প্রশাসন। জলপাইগুড়ি বাস স্ট্যান্ড, প্রধান মোড় এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
শহরবাসীর প্রতিক্রিয়া অবশ্য মিশ্র। একাংশ শ্রমিক সংগঠনের দাবির প্রতি সহমত পোষণ করলেও, অন্যদিকে পরীক্ষার দিনে ধর্মঘটের আবহে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। যদিও পরিবহণ সচল থাকায় বড় কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি।
একদিকে শিল্প ধর্মঘট, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন—এই দুইয়ের সমান্তরাল চিত্রে জলপাইগুড়ি আজ এক অদ্ভুত বাস্তবতার সাক্ষী থাকল।

