গাদং-২ গ্রাম পঞ্চায়েত ভবনের রং পরিবর্তন ঘিরে চরম উত্তেজনা। প্রধান গেটে তালা, ধূপগুড়ি-ফালাকাটা সড়ক অবরোধ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
নিজস্ব প্রতিবেদন নিউজ ইন্ডিয়া ডেস্ক: বিজেপি-শাসিত গ্রাম পঞ্চায়েতে নীল-সাদা রঙ বদলে গেরুয়া করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি। গাদং-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও পথ অবরোধ ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বুধবার।
অভিযোগ, এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদা রঙে রঞ্জিত ছিল গাদং-২ গ্রাম পঞ্চায়েত ভবন। কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ সম্প্রতি সেই রং মুছে ভবনটিকে গেরুয়া রঙে রাঙানোর কাজ শুরু করে। রাজ্যের অধিকাংশ সরকারি ভবনে নির্দিষ্ট নীল-সাদা থিম বজায় থাকা সত্ত্বেও কেন এখানে গেরুয়া রং করা হচ্ছে—এই প্রশ্ন তুলেই সরব হয় তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কর্মীদের দাবি, স্থানীয়দের আপত্তি ও বাধা সত্ত্বেও জোর করে রংয়ের কাজ চালানো হচ্ছিল।
ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা পঞ্চায়েত অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর ধূপগুড়ি-ফালাকাটাগামী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি। ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, বিজেপি নেতা আগুন রায় এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছেন। তাঁর কথায়, “রং নিয়ে তৃণমূলের সঠিক ধারণা নেই বলেই অযথা ইস্যু তৈরি করা হচ্ছে। প্রশাসনিক সিদ্ধান্তকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। ভবিষ্যতে বিষয়টি আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা।

