ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ফের চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধের পর বিষয়টি নিয়ে ভারত সরকারের বিভিন্ন দফতরে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনের মাধ্যমে বিদেশ মন্ত্রক ও রেল মন্ত্রকের কাছে এ বিষয়ে আবেদন পৌঁছেছে। এরপর রেল মন্ত্রকের পক্ষ থেকে পূর্ব রেলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রক যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা বন্ধ রয়েছে। সেই সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্ত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। পাশাপাশি ভিসা পরিষেবাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটন-সহ বিভিন্ন ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। এরই মধ্যে ঢাকা প্রশাসনের পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেস আগের মতো সপ্তাহে পাঁচ দিন চালুর অনুরোধ জানানো হয়েছে বলে সূত্রের দাবি।
তবে এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে ট্রেন পরিষেবা পুনরায় চালুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

