রাজ্যে জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে অ্যাপ-ভিত্তিক অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিধানসভার বাদল অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, প্রস্তাবিত এই পরিষেবা চালু হলে মোবাইল অ্যাপ থেকেই অ্যাম্বুল্যান্স বুক করা, সম্ভাব্য ভাড়া জানা, কাছাকাছি খালি অ্যাম্বুল্যান্স খুঁজে পাওয়া এবং GPS-এর মাধ্যমে গাড়ির অবস্থান ট্র্যাক করা যাবে।
স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, পরিষেবাটি অনেকটা ক্যাব বুকিং প্ল্যাটফর্মের আদলে তৈরি হবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে নিকটবর্তী অ্যাম্বুল্যান্সের অবস্থান দেখতে পারবেন, গন্তব্য অনুযায়ী আনুমানিক ভাড়া জানতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সরাসরি বুকিং করতে পারবেন। যাত্রাপথে রিয়েল-টাইম GPS ট্র্যাকিংয়ের সুবিধাও থাকবে।
প্রস্তাব অনুযায়ী তিন ধরনের অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখা হবে। এগুলি হল সাধারণ (Normal), মিডিয়াম সাপোর্ট এবং আইসিইউ (ICU) অ্যাম্বুল্যান্স। রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে উপযুক্ত পরিষেবা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী প্রতিটি অ্যাম্বুল্যান্সে GPS ট্র্যাকার থাকবে। এর ফলে সরকারি পর্যায় থেকেও পরিষেবার উপর নজরদারি করা সম্ভব হবে। একই সঙ্গে রোগী ও অ্যাম্বুল্যান্সের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া ও দালালচক্রের অভিযোগ কমাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে সরকারের ধারণা। অ্যাপে আগাম ভাড়া দেখানোর ব্যবস্থা থাকলে পরিষেবায় স্বচ্ছতা বাড়তে পারে। তবে ভাড়া নির্ধারণের চূড়ান্ত নীতি এখনও প্রকাশ করা হয়নি।
এছাড়া সুন্দরবনের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য ৬টি ওয়াটার অ্যাম্বুল্যান্স এবং ২টি ভাসমান মোবাইল মেডিক্যাল ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ছয় মাসের মধ্যে এই অ্যাপভিত্তিক পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে। যদিও পরিষেবা শুরুর নির্দিষ্ট তারিখ ও ব্যবহারবিধি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

