বারাসাতে ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেখা গেল এক ব্যতিক্রমী উদ্যোগ। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নোয়াপাড়া কালীবাড়ি কিশোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ‘সাপোর্টার্স সম্মান অনুষ্ঠান’। উদ্দেশ্য একটাই, প্রিয় দল যাই হোক না কেন, বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের প্রতি সম্মান জানানো এবং ফুটবলের ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি-সহ বিভিন্ন দেশের সমর্থকেরা একত্রিত হয়ে নিজেদের প্রিয় দল ও ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানান। আয়োজকদের মতে, বিশ্বকাপ কোনও একটি দেশের নয়, এটি বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীর উৎসব।
২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে আবেগ আরও বেশি, কারণ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র এবং লুকা মদ্রিচ-এর মতো কিংবদন্তিদের এটি শেষ বিশ্বকাপ হতে পারে বলে অনেক সমর্থকের বিশ্বাস। যদিও সংশ্লিষ্ট ফুটবলারদের সবাই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি।
ক্লাবের কার্যকরী সভাপতি সন্দীপ মিত্র বলেন, “বিশ্বকাপ চার বছর অন্তর আসে। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করছে। একটি প্রজন্ম যাঁদের খেলা দেখে বড় হয়েছে, সেই তারকা ফুটবলারদের সম্মান জানাতেই আমাদের এই আয়োজন।”
তিনি আরও বলেন, “ডিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, রোনালদিনহো ও বেবেতো-দের পর যে প্রজন্ম বিশ্ব ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে, মেসি, রোনাল্ডো ও নেইমার সেই প্রজন্মের অন্যতম মুখ। তাঁরা কেবল একটি দেশের নয়, বিশ্ব ফুটবলের সম্পদ।”
অনুষ্ঠানে উপস্থিত ফুটবলপ্রেমীদের বক্তব্য, বিশ্বকাপ শুধু জয়ের লড়াই নয়, এটি আবেগ, ইতিহাস ও ভালোবাসারও উৎসব। বারাসাতের এই উদ্যোগ সেই ক্রীড়াসুলভ মানসিকতা ও পারস্পরিক সম্মানের বার্তাকেই আরও শক্তিশালী করেছে।



