গ্যাস বুকিংয়ে বড় বদল! উজ্জ্বলা গ্রাহকদের ৪৫ দিনের অপেক্ষা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : মধ্য প্রাচ্যের অস্থিরতার জেরে রান্নার গ্যাস (LPG) সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে গ্যাস বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব গ্রাহকের ডবল সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে করা হয়েছে ৩৫ দিন। অর্থাৎ একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয় সিলিন্ডার বুক করতে হলে অন্তত ৩৫ দিন অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, সিঙ্গেল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। তারা আগের মতোই ২৫ দিন পর নতুন করে গ্যাস বুকিং করতে পারবেন। ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম ও শহর উভয় জায়গাতেই এই নিয়ম প্রযোজ্য।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার (Ujjwala Scheme) গ্রাহকদের জন্য। এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের এখন থেকে একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন।
তবে ছোট সিলিন্ডারের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ১৬ দিন এবং ১০ কেজির ক্ষেত্রে ১৮ দিন পর বুকিং করা যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম শহরাঞ্চলের গ্রাহকদের উপর কিছুটা চাপ বাড়াতে পারে। যদিও গ্রামাঞ্চলের অনেক গ্রাহকের ক্ষেত্রে সরবরাহের চাপ কমায় কিছুটা সুবিধা মিলতে পারে।
এদিকে জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের উদ্বেগ থাকলেও প্রধানমন্ত্রী Narendra Modi জানিয়েছেন, দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ বজায় রাখতে বিকল্প আমদানির পথও খোলা রাখা হয়েছে।

