গ্যাস সংকট নিয়ে কেন্দ্রকে তোপ কুণাল ঘোষের, মোদিকে সরাসরি নিশানা
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব ঘিরে দেশে গ্যাস সংকটের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা Kunal Ghosh। সরাসরি প্রধানমন্ত্রী Narendra Modi-কে নিশানা করে তিনি বলেন, সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই সাধারণ মানুষ একাধিক সমস্যার মুখে পড়ছেন।
কুণাল ঘোষের দাবি, গ্যাস সংকটের জেরে চার ধরনের বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। প্রথমত, রান্নার কাজে সমস্যা বাড়ছে এবং প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, কর্মসংস্থানে বড় ধাক্কা লেগেছে। তৃতীয়ত, মানুষের আর্থিক চাপ বাড়ছে। আর চতুর্থত, এর প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছে।
তিনি অভিযোগ করেন, শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের অভাব নয়, অনেক জায়গায় পাইপলাইন গ্যাস (Pipeline Gas) সরবরাহও মাঝেমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন গ্যাস বুকিংয়ে সমস্যা হচ্ছে, অন্যদিকে কালোবাজারির ঘটনাও বাড়ছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট বলে দাবি করেন তিনি। গ্যাসের অভাবে বহু ছোট-বড় রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে কাজ করা বহু মানুষ বেকার হয়ে পড়ছেন। একইসঙ্গে সিএনজি (CNG) দামের বৃদ্ধিতে অটো ভাড়া বেড়ে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
সামাজিক ক্ষেত্রেও এই সংকটের প্রভাব পড়ছে বলে অভিযোগ। বিভিন্ন মন্দিরে ভোগ রান্না কমে গেছে, কোথাও কোথাও ভোগ বিতরণও বন্ধ হয়ে গিয়েছে। ফলে বহু দরিদ্র মানুষ সমস্যায় পড়ছেন, যারা এই ভোগের ওপর নির্ভরশীল ছিলেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ভোটের আগে এসে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলার জন্য এখনও আবাসন, রাস্তা নির্মাণ ও ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে।
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি সভার মঞ্চ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “এটা কি থিম পুজোর প্যান্ডেল?”—এই ধরনের সাজসজ্জার মাধ্যমে বাঙালির আবেগে প্রভাব ফেলতে চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

