রাজনীতি না অভিনয়, নির্বাচনের আগে সিদ্ধান্ত লাভলী মৈত্রর, সোনারপুর দক্ষিণে বাড়ছে উত্তাপ
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে Lovely Maitra-র নাম ঘোষণার পর এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
মঙ্গলবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি ও সিপিএম-এর একঝাঁক কর্মী ও সমর্থক শাসকদলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন লাভলী মৈত্র।
এই প্রসঙ্গে লাভলী মৈত্র জানান, মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখেই সাধারণ মানুষ থেকে বিরোধী দলের কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, মানুষের এই সমর্থন আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের পথকে আরও মজবুত করবে।
তিনি আরও বলেন, আগামী দিনেও এই যোগদান পর্ব অব্যাহত থাকবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে সোনারপুর দক্ষিণে এই গণ-যোগদান তৃণমূল শিবিরে বাড়তি জোশ এনেছে। একই সঙ্গে বিরোধী শিবিরে তা অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
অন্যদিকে, অভিনয় ও রাজনীতি—দুই ক্ষেত্র একসঙ্গে সামলানো সম্ভব নয় বলেই জানিয়েছেন লাভলী মৈত্র। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-তে কাজ করছিলেন। তবে নির্বাচনের আগে তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, আপাতত পুরো সময়টাই নির্বাচনী কাজে দিতে চান। রাজনীতি ও অভিনয়—দুটিই তাঁর ভালোবাসার জায়গা হলেও এই মুহূর্তে রাজনৈতিক দায়িত্বই তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে।
তিনি আরও জানান, দলের নেতৃত্বের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। নিজের কাজের মূল্যায়ন মানুষই করবে বলেও মন্তব্য করেন তিনি।
লাভলী মৈত্রর কথায়, “আমি নিজের মুখে কিছু বলতে চাই না। সোনারপুর দক্ষিণে আমি কী কাজ করেছি, তা মানুষই বলবে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। এই আসন থেকে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

