নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:শিবরাত্রির প্রদীপ থেকেই অগ্নিকাণ্ডের আশঙ্কা—এবার আগুন লাগল টালিগঞ্জে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহানের আবাসনে।
রবিবার, ১৫ ফেব্রুয়ারি সকালে দক্ষিণ কলকাতার টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন ডায়মন্ড সিটি সাউথ আবাসনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে।
প্রাথমিকভাবে জানা গেছে, পাঁচতলার ওই ফ্ল্যাটের ঠাকুরঘরে শিবরাত্রি উপলক্ষে জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার সময় যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে যশ ও নুসরাত দ্রুত তাঁদের সন্তানদের নিয়ে নিচে নেমে আসেন। উপস্থিত অন্যরাও নিরাপদে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা অভিযান চালিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশ দাশগুপ্ত, নুসরাত জাহান এবং তাঁদের পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।আগুন লাগার সময় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে। ফলে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর নেই।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত হলে বাসিন্দারা ধীরে ধীরে নিজেদের ফ্ল্যাটে ফিরে যান।যদিও প্রাথমিকভাবে প্রদীপ থেকেই আগুন লাগার সম্ভাবনা মনে করা হচ্ছে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। অন্য কোনো কারণ বা নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

