উদিত নারায়ণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জরায়ু অপসারণের দাবি প্রথম স্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রে বলিউডের প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ। এবার তাঁর প্রথম স্ত্রী রঞ্জনার তরফে ওঠা গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিহারের সুপল জেলার মহিলা থানায় উদিত নারায়ণ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি FIR দায়ের করেছেন রঞ্জনা। অভিযোগ অনুযায়ী, ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর উদিত নারায়ণ মুম্বইয়ে চলে যান এবং সেখানেই তাঁর কর্মজীবনের বিস্তার ঘটে।
রঞ্জনার দাবি, পরবর্তীতে তিনি সমাজমাধ্যমের মাধ্যমে জানতে পারেন যে, উদিত নারায়ণ দীপা নামে এক মহিলার সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, মুম্বইয়ে গিয়ে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি শ্বশুরবাড়ি থেকেও তাঁকে অপমান করে বের করে দেওয়া হয়।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে রঞ্জনা দাবি করেছেন, তাঁর বা তাঁর পরিবারের সম্মতি ছাড়াই তাঁর জরায়ু অপসারণ করা হয়েছিল। বহু বছর পর একটি চিকিৎসা পরীক্ষার সময় তিনি এই বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন।
রঞ্জনার বক্তব্য, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল যাতে তিনি কখনও মা হতে না পারেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ভবিষ্যতে কোনও উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

