নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া: ২০২৬ সালের শুরুতেই রাজ্যে নিপা সংক্রমণের খবর সামনে আসে। এরপর উত্তর ২৪ পরগনা জেলায় এক পুরুষ নার্স ও এক মহিলা নার্স আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আক্রান্ত পুরুষ নার্স জানুয়ারির শেষ সপ্তাহেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান। তবে আক্রান্ত মহিলা নার্সের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে।জানা গিয়েছে, তিনি বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।দীর্ঘ লড়াইয়ের পর নিপা আক্রান্ত ওই মহিলা নার্সের মৃত্যু হয় বৃহস্পতিবার বিকেলে।
সূত্রের খবর, জানুয়ারির শেষের দিকে তিনি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ২৫ বছরের এই মহিলা নার্স দীর্ঘ সময় কোমায় ছিলেন।
চিকিৎসকদের মতে, তাঁর অটোনমিক নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করছিল না। দীর্ঘদিন কোমায় থাকার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে নেমে যায়। পাশাপাশি ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়।
বৃহস্পতিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ বারাসাতের ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় নিপা আক্রান্ত মহিলা নার্সের।রোগীর সেবায় নিয়োজিত থাকতে গিয়েই সংক্রমিত হয়ে তাঁর এই মৃত্যু চিকিৎক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।

