নেশার আসক্তি কেড়ে নিল প্রাণ, বাবার হাতে মৃত্যু ছেলের

NEWS INDIA বাংলা
0

 

নিজস্ব সংবাদদাতা,  নিউজ ইন্ডিয়া ডেস্ক:নেশার টাকা চাইতে গিয়ে পারিবারিক অশান্তি, আর সেই অশান্তির পরিণতিতেই প্রাণ গেল ছেলের। শিলিগুড়ির নরেশ মোড় এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মৃত যুবকের নাম নিমাই পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নেশার আসক্ত ছিলেন নিমাই। নেশার খরচ জোগাতে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে অশান্তিতে জড়াতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কাছে টাকা চাইতে শুরু করেন নিমাই। টাকা দিতে অস্বীকার করায় মায়ের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বাবা নীলকান্ত পাল। সেই সময় বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধাক্কাধাক্কির মধ্যেই ভারসাম্য হারিয়ে মাটিতে ছিটকে পড়েন নিমাই। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নেশার কারণে এলাকায় অশান্তির কারণ হয়ে উঠেছিলেন নিমাই। তবে নেশার এই পরিণতি যে শেষ পর্যন্ত একটি পরিবারকে এমনভাবে ধ্বংস করে দেবে, তা কেউ ভাবেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!