নিজস্ব প্রতিবেদন ,নিউজ ইন্ডিয়া ডেস্ক: দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না পাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কোলাঘাট গভর্মেন্ট পলিটেকনিক কলেজ।
বুধবার কলেজের সিকিউরিটি ও সুইপার মিলিয়ে মোট ১৫ জন অস্থায়ী কর্মী কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, টানা তিন মাস ধরে তাঁরা কোনও বেতন পাচ্ছেন না। শুধু তাই নয়, কোন এজেন্সির মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছে, সেই বিষয়েও স্পষ্ট কোনও তথ্য পাচ্ছেন না তাঁরা। কলেজের অন্যান্য কাজকর্ম স্বাভাবিকভাবে চললেও তাঁদের বকেয়া বেতন মেটানোর বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ।
এই পরিস্থিতিতে বাধ্য হয়েই কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা। তাঁদের স্পষ্ট দাবি—অবিলম্বে বকেয়া বেতন মেটাতে হবে এবং ভবিষ্যতে নিয়মিত ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অস্থায়ী কর্মীদের বেতন একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে প্রদান করা হয়। ফলে কলেজ সরাসরি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। তবে পরীক্ষার সময় এগিয়ে আসায় দ্রুত বিষয়টির নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে তৈরি হয়েছে উত্তেজনা। পরীক্ষার মুখে এমন পরিস্থিতিতে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ।

