নিজস্ব প্রতিবেদন ,নিউজ ইন্ডিয়া ডেস্ক: বেতন বৃদ্ধি ও ন্যায্য সুযোগ-সুবিধার দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মী ও সাফাই কর্মীরা। গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করে এই আন্দোলনে যোগ দিয়েছেন শতাধিক আশা কর্মী।
অন্যদিকে, গত সাত দিন ধরে আসানসোল পৌর নিগমের অধীনে থাকা ১০৬টি ওয়ার্ডে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাফাই কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বঞ্চিত করা হচ্ছে, যা অবিলম্বে মেটাতে হবে।
এই পরিস্থিতিতে বুধবার দুপুর নাগাদ কুলটি ব্লক কংগ্রেস-এর পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস।
বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত দাস বলেন, “যাঁরা প্রতিদিন আমাদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে নোংরা-আবর্জনা পরিষ্কার করেন, তাঁদেরই ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সরকারের উচিত অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়া, প্রাপ্য বেতন ও সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, সাফাই কর্মীদের কাজ বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় আবর্জনা জমে থাকছে, যা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই ন্যায্য দাবির সমর্থনেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়া হয়েছে।

