ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: জুম্মার নামাজ শেষে আত্মঘাতী হামলা, মৃতের সংখ্যা বাড়ছে
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে। শহরের শাহজাদ টাউন এলাকার তেরলাই ইমামবারগাহে জুম্মার নামাজ শেষ হওয়ার পর আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহতের সংখ্যা শতাধিক, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নামাজ শেষে ইমামবারগাহ থেকে বেরোনোর সময় মূল ফটকের কাছে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভেঙে যায় আশপাশের বাড়ি ও দোকানের জানলা। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী, শুরু হয় উদ্ধারকাজ।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলাকারী একজন আত্মঘাতী জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং কড়া নিরাপত্তা জারি করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে পিআইএমএস ও পাকিস্তান পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই হাসপাতালেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
চিকিৎসকদের কথায়, বহু আহতের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত হামলার দায় কোনও সংগঠন স্বীকার করেনি, তবে তদন্ত শুরু হয়েছে জোরকদমে।
উল্লেখযোগ্যভাবে, রাজধানী ইসলামাবাদে এটি দ্বিতীয় বড় বিস্ফোরণের ঘটনা। গত বছরের নভেম্বরেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা পাকিস্তান। পরপর এই ধরনের হামলায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

