কলকাতা-শিলংগামী বিমানে চাঞ্চল্য, আইসোলেশন বে-তে সরিয়ে তল্লাশি
নিজস্ব প্রতিবেদন , নিউজ ইন্ডিয়া ডেস্ক: শনিবার সকালেই চাঞ্চল্য ছড়াল ইন্ডিগোর কলকাতা থেকে শিলংগামী 6E3074 বিমানে। বিমানের শৌচাগার থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে ‘বোমা রাখা আছে’ লেখা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
শনিবার সকালেই বোমাতঙ্কের জেরে তৎপরতা শুরু হয় কলকাতা বিমানবন্দরে। ইন্ডিগোর কলকাতা থেকে শিলংগামী 6E3074 বিমানের শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায়।
বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। তার আগেই সকাল প্রায় ৯টা ১ মিনিট নাগাদ বিমানের কর্মীদের চোখে পড়ে ওই চিরকুটটি। তাতে লেখা ছিল— বিমানে বোমা রাখা রয়েছে।
ঘটনাটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হয়। পাইলট দ্রুত এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি বিবেচনা করে দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বিমানের সমস্ত লাগেজ নামিয়ে তল্লাশি করা হয় এবং যাত্রীদেরও নিরাপত্তা পরীক্ষা করা হয়।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড। তারা বিমানের ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালায়। পাশাপাশি জরুরি পরিস্থিতির মোকাবিলায় দমকল বাহিনীও প্রস্তুত রাখা হয়।
এখনও পর্যন্ত বিমানে কোনও বিস্ফোরক মেলেনি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে চিরকুটটি কে রেখেছিল এবং এটি ভুয়ো আতঙ্ক কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

