শ্যুটিংয়ের নামে যৌন হেনস্তা! সায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্যান্ডির
নিজেস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্কঃ পার্ক স্ট্রিটের একটি নামিদামি রেস্তোরাঁয় খাবার নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় আইনি বিপাকে অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে এবার সরাসরি যৌন হেনস্থার গুরুতর অভিযোগ তুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা।
সম্প্রতি সায়কের রেস্তোরাঁ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্যান্ডি সাহা একটি ব্যঙ্গাত্মক (রোস্টিং) ভিডিও তৈরি করেন। এরপরই স্যান্ডিকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন সায়ক। এই ঘটনার পরই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক সব তথ্য পেশ করেন স্যান্ডি।
স্যান্ডি সাহার দাবি, ঘটনাটি বেশ কিছু সময় আগের। একটি শুটিংয়ের কাজে তিনি সায়কের বাড়িতে গিয়েছিলেন। সেখানে কাজ চলাকালীন সায়কের দ্বারা তিনি যৌন হেনস্থার শিকার হন। স্যান্ডির অভিযোগ, প্রায় আধঘণ্টা ধরে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়।
এই বিষয়ে স্যান্ডি জানান, "সায়ক আমার খুব ভালো বন্ধু ছিল। ঘটনার পর ও ক্ষমাও চেয়েছিল। কিন্তু আমি জানতাম মানুষ আমাকে খুব একটা সিরিয়াসলি নেয় না, তাই কেউ হয়তো আমার কথা বিশ্বাস করবে না। সেই ভেবেই এতদিন মুখ খুলিনি।" তিনি আরও যোগ করেন যে, সায়কের অনেক প্রভাবশালী পরিচিতি থাকায় তিনি ভয় পেয়েছিলেন।
স্যান্ডি জানিয়েছেন, সায়ক তাঁকে ব্লক করে দেওয়ায় এবং তাঁর প্রতিবাদকে গুরুত্ব না দেওয়ায় তিনি এবার চরম পদক্ষেপ নিতে চলেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ স্যান্ডির পাশে দাঁড়ালেও, অন্য অংশ সায়কের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে সায়ক চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি।

