বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত রোডে পুলিশের নাকা চেকিং
নিজস্ব প্রতিবেদন , নিউজ ইন্ডিয়া ডেস্ক: আর একদিন পরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। তবে হাসিনা সরকারের বিদায়ের পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার একাধিক ছবি সামনে এসেছে। সেই পরিস্থিতির প্রভাব যাতে কোনওভাবেই পশ্চিমবঙ্গে না পড়ে, তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকাগুলিতে সতর্কতা জোরদার করেছে প্রশাসন।
এসআইআর (SIR) জারি থাকার পাশাপাশি সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে। উদ্দেশ্য—অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক কিংবা দুষ্কৃতীরা যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনও অঘটন ঘটাতে না পারে। এই প্রেক্ষিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্ত এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং।
বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা–কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে কড়া তল্লাশি চালানো হয়। বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ সরকারের নেতৃত্বে এবং এএসআই ভকিল রায়ের সহযোগিতায় এই নাকা চেকিং চলে।
এদিন প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। শুধু কাগজপত্র পরীক্ষা করেই ছাড় দেওয়া হয়নি—গাড়ির ডিকি খুলে ভিতরের অংশেও তল্লাশি চালানো হয়, কোনও সন্দেহজনক বস্তু বা অবৈধ অনুপ্রবেশের ইঙ্গিত আছে কি না, তা যাচাই করতে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি যাতে কোনওভাবেই অশান্ত না হয়, সেই কারণেই এই কড়া নজরদারি। আগামী কয়েক দিন এই ধরনের নাকা চেকিং ও নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

