নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: টলিউড জুড়ে যেন এখন বিয়ের মরশুম। একের পর এক তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া আয়োজনে, চুপিসারেই সাতপাকে বাঁধলেন তিনি। অনুজয়ের জীবনসঙ্গী হলেন নাট্যকর্মী দেবারতি চক্রবর্তী।
![]() |
| সোশ্যাল মিডিয়া নিজেই পোস্ট করেছিলেন এই ছবি |
জানা যাচ্ছে, অনুজয় ও দেবারতির প্রেমের শুরু নাটকের মঞ্চ থেকেই। কাজ করতে করতেই বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্কের পর সেই প্রেমের পরিণতি পেল বিয়ের মাধ্যমে। কোনো আড়ম্বর নয়, একেবারে পারিবারিক পরিবেশেই সম্পন্ন হয়েছে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। ছিমছাম পোশাকেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এই তারকা জুটি।
টলিউডের পাশাপাশি ওটিটি দুনিয়াতেও অনুজয় চট্টোপাধ্যায় পরিচিত মুখ। ‘বিজয় নগরের হীরে’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজ ‘নিকষছায়া ২’-তেও তাঁর অভিনয় নজর কেড়েছে। পাশাপাশি ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে খলনায়কের চরিত্রে এবং ‘কালরাত্রি’ সিরিজে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
নাট্যজগতের সঙ্গে যুক্ত দেবারতি চক্রবর্তীর সঙ্গেও দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ ছিল অনুজয়ের। এবার সেই সম্পর্কই বাঁধা পড়ল সামাজিক স্বীকৃতিতে। অনাড়ম্বর, ব্যক্তিগত পরিসরে সম্পন্ন এই বিয়ে ইতিমধ্যেই টলিউডে চর্চার বিষয় হয়ে উঠেছে।
নবদম্পতির নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিপাড়া।

