ডি-সেক্টর মার্কেট এলাকায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালের অস্থায়ী আয়া ছবি দাসের কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:- প্রথমে ছিল তীব্র দুর্গন্ধ। তারপরেই একে একে খুলে যেতে থাকে ভয়াবহ রহস্যের পর্দা। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের অস্থায়ী আয়া ছবি দাসের (৫৫) কঙ্কালসার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার ডি-সেক্টর মার্কেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডি-সেক্টরে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে থাকতেন ছবি দাস। বুধবার সকালে বাড়ি থেকে অস্বাভাবিক পচা গলা গন্ধ বেরোতে শুরু করতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে ঘরের ভিতরে ঢুকে কঙ্কালসার দেহ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহটি এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পরই মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ চলছিল। প্রতিবেশীরা জানান, কয়েক মাস ধরেই ওই বাড়িতে অশান্তির চলছিল। অশান্তির জেরে হয়তো মৃত্যু হয়েছে ছবির।দেহের উপর নুন ছিটিয়ে দুর্গন্ধ বাইরে ছড়ানো আটকানোর চেষ্টা করা হয়েছিল, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।
এক প্রতিবেশীর কথায়, “ছবি দাস অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। হঠাৎ এমন পরিণতি মেনে নেওয়া যায় না। আমরা মনে করছি, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁকে।”
ঘটনার গুরুত্ব বুঝে ডি-সেক্টর এলাকায় পুলিশি কডন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ ও সময়কাল স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

