পরিযায়ী পাখি হত্যাকাণ্ড! অসমে উদ্ধার ৫০টি মৃত পাখি, গ্রেপ্তার মূল অভিযুক্ত

NEWS INDIA বাংলা
0

 মাজুলি দ্বীপের একাধিক এলাকা থেকে উদ্ধার মৃতদেহ, চার মহিলা-সহ ১৭ জনকে আটক করেছে পুলিশ

Assam Majuli migratory birds found dead due to suspected poisoning

নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া :-একাধিক জায়গা থেকে অন্তত ৫০টি পরিযায়ী পাখির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অসমে। সোমবার এই ঘটনায় চার মহিলা-সহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি, মূল অভিযুক্ত হিসেবে বড়পেটা জেলার বাসিন্দা কালিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই ওই পাখিগুলির মৃত্যু হয়েছে।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশা ও প্রবল শীতের কারণে তদন্তে কিছুটা বিলম্ব হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, একাধিক জায়গায় এখনও ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে থাকতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বন দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, অসমের মাজুলি দ্বীপের দক্ষিণাপত, কুমারগাঁও, সুমোইমারি ও রাবণগাঁও এলাকা থেকে পাখিগুলির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পাখিগুলি একটি বিশেষ প্রজাতির হাঁস বলে শনাক্ত করা হয়েছে। শীতের শুরুতে অন্য অঞ্চল থেকে এই পরিযায়ী হাঁসগুলি মাজুলি দ্বীপে এসে বসবাস শুরু করেছিল।

বন দপ্তরের দাবি, খাবারের সন্ধানে এই হাঁসগুলি স্থানীয় বাসিন্দাদের কৃষিজমিতে আসত। সেই কারণেই কিছু জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ও রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল বলে অনুমান। বিষমিশ্রিত ফসল খাওয়ার ফলেই পাখিগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বন দপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া পাখিগুলির মধ্যে ৮টিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে রতনপুর ভেটেরিনারি হাসপাতালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!