নিজস্ব সংবাদদাতা ,নিউজ ইন্ডিয়া: আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একাধিক পথ দুর্ঘটনার প্রতিবাদে এবং ওভারব্রিজের দাবিতে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, শীতলা মোড় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ, ওইদিনের ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। এলাকাবাসীদের স্পষ্ট দাবি, অবিলম্বে ওই স্থানে একটি ওভারব্রিজ নির্মাণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সমগ্র ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


