নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:টলিউড তারকাদের একের পর এক ডাকা হচ্ছে SIR (Special Intensive Revision) হিয়ারিংয়ে। সুপারস্টার দেব ও অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু-র পর এবার হাজিরা দিতে চলেছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
আজ, শুক্রবার ৩১ জানুয়ারি, কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে SIR হিয়ারিংয়ে হাজিরা দেবেন মিমি চক্রবর্তী। নির্বাচন সংক্রান্ত নথি যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে ডাকা হয়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই হিয়ারিং প্রক্রিয়ার আওতায় সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের একাধিক পরিচিত মুখকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন দপ্তর সূত্রে খবর, মিমি চক্রবর্তীর বাবার নাম সংক্রান্ত নথিতে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। কিছু নথিতে তাঁর বাবার নাম সোমেশ চন্দ্র চক্রবর্তী উল্লেখ থাকলেও, অন্য কয়েকটি নথিতে শুধুমাত্র সোমেশ চক্রবর্তী লেখা রয়েছে। এছাড়াও দাদুর সঙ্গে বয়সের পার্থক্য নিয়েও বিভ্রান্তি তৈরি হওয়ায় তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে।
এই বিষয়ে কোনও হেনস্থার অভিযোগ তোলেননি মিমি চক্রবর্তী। তবে গ্রামাঞ্চলে নথি সংক্রান্ত এই ধরনের জটিলতার কারণে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেই বিষয়ে নির্বাচন কমিশন-এর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

