নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:“এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া”—এই গানের লাইনের মতোই যাঁর কণ্ঠ ছাড়া সঙ্গীত জগত কল্পনাই করা যায় না, সেই অরিজিৎ সিং এবার প্লেব্যাক জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। সিনেমার জন্য গান গাওয়া থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে আচমকা সিদ্ধান্তে স্তব্ধ অনুরাগী ও বিনোদন মহল।
বাঙালির আবেগের আরেক নাম অরিজিৎ সিং। নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শ্রোতাদের উদ্দেশে তিনি লেখেন—
“নমস্কার। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এত বছর ধরে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবার থেকে আর কোনও প্লেব্যাক গান গাইব না। প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে এই অধ্যায়ের এখানেই ইতি।”
এই ঘোষণার পরই মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ঝড় ওঠে। ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে অরিজিতের পোস্ট। প্রিয় গায়কের এমন সিদ্ধান্তে আবেগে ভেসে যান অনুরাগীরা।
তবে এখানেই স্পষ্ট করে দিয়েছেন শিল্পী—তিনি সঙ্গীত জগত থেকে অবসর নিচ্ছেন না। শুধুমাত্র প্লেব্যাক গান থেকেই সরে দাঁড়াচ্ছেন। গান গাওয়া বন্ধ করবেন না বলেও জানিয়েছেন অরিজিৎ। প্লেব্যাকের বাইরে নিজের মতো করে সৃষ্টিশীল কিছু করার ইচ্ছার কথাও উল্লেখ করেছেন তিনি। শিল্পীর ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সালে তাঁর কিছু নতুন গান প্রকাশ পেতে পারে।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ এই শিল্পীর। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি দু’বার জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। অগণিত জনপ্রিয় গান উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে।
২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির গান দিয়ে প্লেব্যাক যাত্রা শুরু হলেও, ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গান তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সেই গান আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে অমলিন।
সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একাধিক হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। লাইমলাইট থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করা এই শিল্পী সম্ভবত স্বতন্ত্র সংগীতচর্চায় আরও মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

