নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: শ্রাবণী মেলার উদ্বোধনে তারকেশ্বরে এসে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারকেশ্বর ধাম অবহেলিত ছিল এবং পূর্ববর্তী সরকার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উদাসীন ছিল।
শুভেন্দু অধিকারী বলেন, "তারকেশ্বর ধাম বহু বছর অবহেলিত ছিল। পুণ্যার্থীরা ৩০ কিলোমিটার পথ হেঁটে জল নিয়ে এলেও সরকারের তরফে ন্যূনতম ব্যবস্থাই করা হতো। কয়েকজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে ট্রাফিক সামলানোর মধ্যেই দায়িত্ব শেষ হয়ে যেত।"
তিনি দাবি করেন, বর্তমানে তারকেশ্বরকে ঘিরে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য সরকারি পরিষেবা কেন্দ্র, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরে শুভেন্দু বলেন, বাবা মহাদেবের পবিত্র মন্দিরে প্রথা মেনে পুজো করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময়ই তারকেশ্বর উন্নয়ন অথরিটি ও অতিরিক্ত জেলাশাসককে উন্নয়নমূলক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে শ্রাবণী মেলাকে জাতীয় স্তরের মেলায় পরিণত করার লক্ষ্য রয়েছে। তাঁর দাবি, পুরী ও কাশী বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বরকেও উন্নত ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকরাও আকৃষ্ট হন।

