দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-এ ফের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সূর্যপুর হাটের কাছে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। সম্প্রতি ঘটে যাওয়া নাবালিকা নির্যাতন ও গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ফাঁড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। নতুন ফাঁড়িতে থাকবে আউটপোস্ট ইনচার্জের কক্ষ, অভিযোগ জানানোর জন্য পৃথক ঘর, মহিলা পুলিশ অফিসারের বসার ব্যবস্থা, লকআপ এবং রিজার্ভ ফোর্সের থাকার জন্য বিশেষ ক্যাম্প।
এদিকে, শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ (STF) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।
সূত্রের খবর, সফরকালে মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করবেন। পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের উদ্যোগে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির মেরামতির কাজও করা হয়েছে। পাশাপাশি এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে বারুইপুর থানা থেকে নজরদারি চালানো হবে।
এছাড়া, বারুইপুরের ফুলতলায় নিহত কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁদের বারুইপুর পুলিশ সুপারের দফতরে ডাকা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

