দোলের পর বড় ধাক্কা যুদ্ধের প্রভাবে ধসে পড়ল শেয়ার বাজার
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:দোল উৎসবের পর শেয়ার বাজার খুলতেই বড় ধাক্কার মুখে পড়লেন বিনিয়োগকারীরা। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বড় পতন দেখা যায় দেশের দুই প্রধান সূচক BSE Sensex এবং Nifty 50-এ।
বাজার খোলার পরই সেনসেক্স প্রায় দেড় হাজার পয়েন্ট পর্যন্ত নেমে যায়। সকাল ৯টা ১৬ মিনিটের রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স নেমে আসে প্রায় ৭৮ হাজার ৫৯৪ পয়েন্টে। অন্যদিকে নিফটিতেও বড় ধস নামে। নিফটি প্রায় ৪৮৫ পয়েন্ট কমে যায় এবং সূচকটি প্রায় ১.৯৫ শতাংশ হ্রাস পায়।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে। তারই প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভারতীয় শেয়ার বাজারেও।
দোলের কারণে মঙ্গলবার বাজার বন্ধ ছিল। বুধবার বাজার খোলার পরই দালাল স্ট্রিটে চরম ধাক্কার মুখে পড়েন বিনিয়োগকারীরা। প্রায় ৯ মাস পর সেনসেক্স ৭৯ হাজার পয়েন্টের নিচে নেমে আসে বলেও জানা গিয়েছে।
একইভাবে নিফটিও উল্লেখযোগ্যভাবে নিচে নেমে যায়। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বিনিয়োগের ক্ষেত্রেও।
শুধু শেয়ার বাজার নয়, যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে তেলের দাম এবং সোনার দামও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ তৈরি হওয়ার পর থেকেই শেয়ার বাজারে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছিল। বাজার খুলতেই সেই আশঙ্কার বাস্তব প্রতিফলন দেখা গেল।

