গোপন সূত্রে অভিযান, রানীনগরে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : মুর্শিদাবাদের Raninagar-এ পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতদের নাম সোহান উজ্জামান পাপ্পু ও বাপন শেখ। তাদের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে রানীনগর থানার পুলিশ পুরাতন ডিগ্রি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি জমায়েত হয়েছিল বলে খবর ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি ৭ মিমি পিস্তল এবং দুটি রাউন্ড গুলি।
পুলিশ এখন খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

