পুজোর সময় ফুল নিবেদন করতে গেলে মানতেই হবে এই নিয়ম
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:ভক্তিভরে ঈশ্বরের চরণে ফুল নিবেদন করা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার। প্রায় প্রত্যেক ভক্তই পূজার সময় দেবতার উদ্দেশ্যে ফুল অর্পণ করেন। তবে শাস্ত্র মতে ফুল নিবেদনের ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। এই নিয়মগুলি উপেক্ষা করলে পূজার পূর্ণ ফল নাও পাওয়া যেতে পারে বলে মত অনেক ধর্মীয় বিশেষজ্ঞের।
শাস্ত্র অনুযায়ী, ভক্তি ও শ্রদ্ধার পাশাপাশি সঠিক নিয়ম মেনে পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অজান্তেই কিছু ভুল হয়ে যায়, যার ফলে পূজার শুদ্ধতা নষ্ট হতে পারে। তাই দেবতাকে ফুল অর্পণের আগে কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা দরকার।
প্রথমত, ফুল বা পূজার সামগ্রীর দাম আগে পরিশোধ করা উচিত। অনেক সময় দেখা যায়, ভক্তরা তাড়াহুড়ো করে মন্দিরে পুজো দিতে গিয়ে দোকান থেকে ফুল বা মিষ্টি নিয়ে সরাসরি গর্ভগৃহে গিয়ে পুজো দেন এবং পরে এসে দোকানদারকে টাকা পরিশোধ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি একটি ভুল প্রথা বলে ধরা হয়। শাস্ত্রের মতে, কোনও সামগ্রীর মূল্য পরিশোধ না করলে সেই সামগ্রীর উপর পূর্ণ অধিকার জন্মায় না। ফলে সেই ফুল দেবতার উদ্দেশ্যে নিবেদন করলেও পূজার সম্পূর্ণ ফল ভক্তের প্রাপ্তি হয় না। বরং সেই পূণ্যফল বিক্রেতার ভাগে যেতে পারে বলেই মত অনেকের। তাই দেবতাকে ফুল নিবেদন করার আগে অবশ্যই তার মূল্য পরিশোধ করে নেওয়া উচিত।
দ্বিতীয়ত, ফুল কখনও জলে ডুবিয়ে ধোয়া উচিত নয়। অনেকের ধারণা, বাগান থেকে তোলা ফুল জলে ডুবিয়ে রাখলে তা আরও পবিত্র হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধারণা সঠিক নয়। শাস্ত্র মতে, কোনও ফুল যদি জলে ডুবিয়ে দেওয়া হয়, তবে সেটি প্রথমে ‘জলদেবতা’র উদ্দেশ্যে নিবেদিত বলে ধরা হয়। একবার কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু অন্য দেবতার পূজায় ব্যবহার করা শাস্ত্রসম্মত নয়।
তাছাড়া ফুল প্রকৃতির এক নির্মল দান এবং স্বাভাবিকভাবেই তা পবিত্র বলে বিবেচিত হয়। তাই আলাদা করে জলে ধুয়ে পবিত্র করার কোনও প্রয়োজন নেই বলেই মনে করা হয়।
ধর্মীয় আচার শুধু ভক্তি ও শ্রদ্ধার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রসম্মত কিছু নিয়মও। তাই ইষ্টদেবতাকে ফুল নিবেদন করার আগে এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে পূজা আরও শুদ্ধ ও পরিপূর্ণ হয় বলে মনে করা হয়।

