নবদ্বীপে কেরোসিন তেলের গুদামে আগুন দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া:রাজ্যে ফের বড় অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল নদিয়ার Nabadwip শহরে। নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঈদালপুর এলাকায় কেরোসিন তেল মজুত থাকা একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। কেরোসিন তেল মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে পৌঁছায় দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি করেছে। পাশাপাশি প্রথম ইঞ্জিন পৌঁছানোর পরেও সেটি চালু করতে প্রায় আধঘণ্টা সময় লেগে যায় বলে অভিযোগ।
স্থানীয়দের আরও দাবি, দমকলের দুটি নজেলের মধ্যে একটি প্রথমে কাজ করছিল না। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় এক ঘণ্টা পর Krishnanagar থেকে দমকলের আরও একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই গুদামে প্রচুর পরিমাণে কেরোসিন তেল মজুত রাখা ছিল এবং সেখান থেকেই কোনওভাবে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

