এলপিজি সরবরাহে স্বস্তি! ৯১ হাজার টন গ্যাস নিয়ে আসছে দুই ট্যাঙ্কার
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : এলপিজি (LPG) সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তির খবর। খুব শীঘ্রই দেশে পৌঁছাতে চলেছে দুটি বিশাল গ্যাসবাহী ট্যাঙ্কার, যা সরবরাহ পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করতে পারে।
সূত্রের খবর, “Pine Gas” এবং “Jag Basant” নামের এই দুটি জাহাজ ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিরাপদে অতিক্রম করেছে। সংবেদনশীল এই পথ পেরোনোর সময় ভারতীয় যুদ্ধজাহাজের নিরাপত্তা ব্যবস্থাও ছিল বলে জানা গিয়েছে।
প্রথম জাহাজ “Pine Gas” প্রায় ৪৫,০০০ টন এলপিজি নিয়ে নিউ ম্যাঙ্গালুরু বন্দরের দিকে আসছে। ২৭ মার্চের মধ্যে পৌঁছানোর কথা। অন্যদিকে “Jag Basant” প্রায় ৪৬,০০০ টন এলপিজি নিয়ে ২৬ মার্চ পোর্ট কান্দলায় পৌঁছাবে বলে জানা গিয়েছে।
এই বিপুল পরিমাণ গ্যাস দিয়ে লক্ষ লক্ষ গৃহস্থালি সিলিন্ডার ভরা সম্ভব হবে। হিসাব অনুযায়ী, একটি ১৪.৫ কেজির সিলিন্ডার ধরলে দুই জাহাজ মিলিয়ে প্রায় ৬২ থেকে ৬৩ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা যাবে।
কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে এলপিজি সরবরাহ এখনও স্বাভাবিক রয়েছে। অনলাইন বুকিংয়ের হার বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে, যা দেখায় মানুষ এখন নিয়ম মেনে বুকিং করছেন। আতঙ্কে অতিরিক্ত বুকিংয়ের প্রবণতাও কমেছে।
শুধু আমদানির ওপর নির্ভর না করে দেশের শোধনাগার থেকেও উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে অভ্যন্তরীণ সরবরাহও শক্তিশালী হয়েছে।
সব মিলিয়ে, এই দুই ট্যাঙ্কারের আগমন পুরো সঙ্কট না মেটালেও পরিস্থিতিকে অনেকটাই স্থিতিশীল রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

.png)