মহিলাদের উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে খুন চাঞ্চল্য দুর্গাপুরের পলাশডিহায়
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া:পশ্চিম বর্ধমানের Durgapur-এর পলাশডিহা দক্ষিণ আদিবাসী পাড়ায় মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে এক যুবককে কুড়ুল দিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম গোপাল দাস। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিযুক্ত হিসেবে বিজয় টুডুকে গ্রেফতার করেছে।
স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত বিজয় টুডু মদ্যপ অবস্থায় এলাকায় অশালীন আচরণ ও গালিগালাজ করছিল দীর্ঘক্ষণ ধরে। মহিলাদের উত্যক্ত করার অভিযোগে তার প্রতিবাদ করেন গোপাল দাস। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর গাছ কাটার কুড়ুল দিয়ে গোপাল দাসের উপর হামলা চালায় বিজয় টুডু। গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। কিন্তু প্রতিবারই সে কোনও না কোনওভাবে ছাড়া পেয়ে যেত।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ জমে ছিল বলে দাবি স্থানীয়দের। খুনের ঘটনার পর গোটা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

