ঘাটাল মাস্টার প্ল্যানেই ভরসা, প্রচারে নেমেই উন্নয়নের বার্তা দেবের
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নেমেই উন্নয়ন ইস্যুকে সামনে আনলেন তৃণমূল সাংসদ Dev (দীপক অধিকারী)। প্রার্থী Shyamali Sardar-এর সমর্থনে সভায় অংশ নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—“ঘাটাল মাস্টার প্ল্যানই এখন ভরসা।”
প্রচারের শুরুতে কুষপাতার রাম মন্দিরে পুজো দিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন তিনি। এরপর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
দেব জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য ঘাটাল অঞ্চলে দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা। প্রথমে যে পরিকল্পনা ছিল, তাতে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ত। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশোধিত রূপরেখা তৈরি হয়েছে।
তিনি বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ জরুরি। তবে তার জন্য স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিরোধীদের সমালোচনার জবাবে দেবের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটি মানুষের স্বার্থের প্রকল্প। তিনি অভিযোগ করেন, বিরোধীরা এই প্রকল্প নিয়ে কেন্দ্রকে কোনও উদ্যোগ দেখায়নি।
দেব আরও জানান, এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় একসময় তিনি রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই ড্রেজিং এবং পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনীতি বনাম উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “যদি তৃণমূল হারে, রাজনীতি জিতবে। কিন্তু কাজ করার মানুষ হারবে।”
সবশেষে দেবের বার্তা, ঘাটালের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। মাস্টার প্ল্যান সফল হলে এই অঞ্চল স্থায়ীভাবে বন্যার হাত থেকে মুক্তি পাবে।

