ফাইনালের মঞ্চে ভারত বনাম নিউজিল্যান্ড বুমরাহ–অ্যালেন লড়াই ঘিরে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচে নজর থাকবে দুই তারকা ক্রিকেটারের দ্বৈরথে—ভারতের জসপ্রীত বুমরাহ এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।
কলকাতার Eden Gardens-এ অনুষ্ঠিত সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠার পথে বড় ভূমিকা নিয়েছিলেন ফিন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩৩ বলে ১০০ রান করে ম্যাচের রাশ কার্যত একাই নিজের হাতে তুলে নেন তিনি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ঝড়ের গতিতে ব্যাটিং করে ২৮৯ রান সংগ্রহ করেছেন এই ওপেনার।
অন্যদিকে ভারতীয় দলের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। তাঁর নিখুঁত লাইন-লেংথ এবং দুর্দান্ত ইকোনমি রেট ইতিমধ্যেই এই বিশ্বকাপে নজর কেড়েছে। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও শুরুতেই বড় ধাক্কা দেন বুমরাহ। তিনি আউট করেন ইংল্যান্ড অধিনায়ক Harry Brook-কে। সেই মুহূর্ত থেকেই ম্যাচের চিত্র বদলে যায়।
ফাইনালে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনকে আটকানোর বড় দায়িত্ব থাকবে বুমরাহের কাঁধে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলা এবং দ্রুত রান তোলাই অ্যালেনের প্রধান শক্তি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে সিদ্ধহস্ত তিনি।
ভারতের অধিনায়ক Suryakumar Yadav ফাইনালে কৌশল বদলাতে পারেন বলেও মনে করছেন ক্রিকেট বিশ্লেষকদের একাংশ। সাধারণত পাওয়ার প্লে-তে বুমরাহ একটি ওভার করেন। তবে ফাইনালে শুরুতেই তাঁকে দিয়ে দু’ওভার করানোর পরিকল্পনা থাকতে পারে ভারতীয় শিবিরে।
বুমরাহের ইয়র্কার, স্লোয়ার বল এবং লেংথ পরিবর্তনের দক্ষতা অ্যালেনকে সমস্যায় ফেলতে পারে। পাশাপাশি বুমরাহের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলেননি অ্যালেন। সেই অভিজ্ঞতার অভাবও ভারতীয় পেসারের পক্ষে যেতে পারে।
তবে অ্যালেন যদি শুরু থেকেই বুমরাহের বিরুদ্ধে রান তুলতে শুরু করেন, তাহলে চাপের মুখে পড়তে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে হবে ভারতীয় অধিনায়ককে।
সব মিলিয়ে রবিবারের ফাইনালে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এক জমজমাট দ্বৈরথে—নিউজিল্যান্ডের ফিন অ্যালেন বনাম ভারতের জসপ্রীত বুমরাহ। এখন দেখার, এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন।

