নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া ডেস্ক : ডুয়ার্সে SIR (Social Identification Record) প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে এবার রাজপথে নামলেন জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যা বারলা। বুধবার সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আন্দোলনের ডাক দেওয়ার পর, আজ ১৮ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মাটিয়ালি ব্লক অফিসে ডেপুটেশন জমা দেন তিনি।
অভিযোগ উঠেছে, চা বাগান অধ্যুষিত এলাকায় বসবাসকারী আদিবাসী ও নেপালি জনগোষ্ঠীর মানুষের কাছে এমন সব পরিচয় সংক্রান্ত নথি চাওয়া হচ্ছে, যা তাঁদের পক্ষে দেওয়া অসম্ভব। বিদ্যা বারলার দাবি, "যেখানে রোহিঙ্গাদের চিহ্নিত করা SIR-এর মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল, সেখানে নেপালি ও আদিবাসী ভূমিপুত্র-ভূমিকন্যারা চরম হয়রানির শিকার হচ্ছেন।"
পদযাত্রা চলাকালীন বিদ্যা সরাসরি বিজেপি-কে নিশানা করে বলেন, "এই পদযাত্রায় যারা পা মিলিয়েছেন তারা সবাই এখানকার আদিবাসী বাসিন্দা ও চা বাগানের শ্রমিক। বিজেপি কোনো রোহিঙ্গাকে চিহ্নিত করতে পারবে না, কারণ এখানকার ভূমিপুত্ররাই মূলত এই হয়রানির শিকার। আমরা আদিবাসীদের অধিকার রক্ষার্থেই এই লড়াই চালাচ্ছি।"
রাজ্যের মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে লড়াই করছেন, তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েই এই পদযাত্রা বলে উল্লেখ করেন বিদ্যা। তিনি বলেন, "কে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে তা বড় কথা নয়, চা বাগানের আদিবাসীদের স্বার্থে এই লড়াই চলবেই।"
এদিনের পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব নেতৃত্ব থেকে শুরু করে চা বাগানের শ্রমিক, আদিবাসী সমাজ এবং সাধারণ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৮ কিমি পথ অতিক্রম করার পর মাটিয়ালি ব্লক অফিসে ডেপুটেশন পেশ করেন তিনি। আন্দোলনের শেষে তিনি জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে এই আন্দোলন সফল এবং মানুষের অধিকার রক্ষায় তিনি অবিচল থাকবেন।

