হাজারও ভক্তের সমাগম ত্রিবেণীতে! কুম্ভমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: হুগলী জেলার ঐতিহ্যবাহী তীর্থস্থান ত্রিবেণীতে শুরু হতে চলেছে চারদিনব্যাপী কুম্ভমেলা। আগামীকাল থেকে শুরু হয়ে টানা চারদিন ধরে চলবে এই ধর্মীয় মেলা। ইতিমধ্যেই মেলাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিনরাজ্য থেকে হাজার হাজার সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীদের আগমনের সম্ভাবনা রয়েছে।
মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ত্রিবেণী কুম্ভমেলার এলাকা পরিদর্শন করেন বর্ধমান রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলী গ্রামীণ পুলিশের সুপার, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
ডিআইজি অলোক রাজোরিয়া সপ্তর্ষি গঙ্গার ঘাট, কুম্ভমেলার মূল মাঠ এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলি ঘুরে দেখেন। ভিড় সামাল দেওয়ার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনকালে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলার চত্বরে একাধিক CCTV ক্যামেরা, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।
হুগলী গ্রামীণ পুলিশের সুপার জানান,
“ভক্তদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভিড়ের চাপ অনুযায়ী দুচাকা ও চারচাকা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে একাধিক রুটে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।”
এছাড়াও, মেলার সময় গঙ্গাস্নানে নামা পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল ও আলোকসজ্জার ব্যবস্থাও থাকছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনের তরফে ভক্তদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে—শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে শান্তিপূর্ণভাবেই চারদিনের কুম্ভমেলা সম্পন্ন হবে বলেই আশাবাদী জেলা প্রশাসন ও পুলিশ।

