নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে প্রথমে চাঞ্চল্য ছড়ালেও তদন্তে উঠে এলো সম্পূর্ণ ভিন্ন চিত্র। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে শুরুতে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হলেও রেল পুলিশের (GRP) তদন্তে সামনে এসেছে নতুন তথ্য।
জখম যুবকের নাম মানারুল শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। কাজের সূত্রে কয়েক মাস আগে তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি বেঙ্গালুরু-হাওড়া গামী ট্রেনে যাত্রা শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, ট্রেনটি যখন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ স্টেশনের কাছে পৌঁছায়, তখন একই কামরায় থাকা দু’জন অপরিচিত ব্যক্তি তাঁর পরিচয়পত্র দেখতে চান। মানারুলের দাবি ছিল, তিনি বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহ করা হয়।
প্রথমে তাঁর প্যান কার্ড (PAN Card) এবং আধার কার্ড (Aadhaar Card) দেখতে চাওয়া হয় বলে অভিযোগ। এরপর আচমকা তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়—এমনই দাবি করেছিলেন তিনি।
গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
তবে ঘটনার তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। মানারুল শেখের দাদা দাবি করেন, তিনি মানসিক সমস্যায় ভুগছেন এবং পুরো ঘটনাটি সাজানো হতে পারে। তাঁর কথায়, “আমার মনে হয় ও মানসিক ভারসাম্য হারিয়েছে। ঘটনাটি সত্য নাও হতে পারে।”
পরে খড়গপুর জিআরপি (Kharagpur GRP)-র জেরায় মানারুল শেখ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে যে, মোবাইলে ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যেই তিনি এই ঘটনার নাটক সাজিয়েছিলেন।
রেল পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

