নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: টলিউডের জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীকে ঘিরে সম্প্রতি শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, পার্কস্ট্রিট এলাকার একটি নামী রেস্তোরাঁয় ডিনারে গিয়ে অজান্তেই মাটনের বদলে তাঁকে গোমাংস পরিবেশন করা হয়।
![]() |
| খাবার পরিবেশন ঘিরে বিতর্কে অভিনেতা সায়ক চক্রবর্তী |
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে সায়ক চক্রবর্তী মাটন স্টেক অর্ডার করেন। প্রথমে একটি প্লেট পরিবেশন করা হয়। খাওয়ার মাঝেই রেস্তোরাঁর এক কর্মী আরও একটি প্লেট নিয়ে এসে সেটিকেও মাটন স্টেক বলে দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় অভিনেতা প্রশ্ন করলে কর্মী জানান, এর আগে যে খাবার পরিবেশন করা হয়েছিল সেটি ছিল বিফ।
এই উত্তরে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনার বিবরণ দেন। ফেসবুক লাইভে এসে সায়ক চক্রবর্তী বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আমার ধর্মীয় বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে কীভাবে এ ধরনের খাবার পরিবেশন করা হল?” তিনি আরও প্রশ্ন তোলেন, “আপনাকে যদি জোর করে শুয়োরের মাংস খাওয়ানো হত, আপনি কি সেটা মেনে নিতেন?”
ঘটনার পর সংশ্লিষ্ট ওয়েটার ও রেস্তোরাঁর ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভুল স্বীকার করা হলেও বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ করেন অভিনেতা। তিনি পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার ওই রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ অভিনেতার অভিযোগকে সমর্থন করে রেস্তোরাঁর গাফিলতিকে দায়ী করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—এই ধরনের বিষয় প্রকাশ্যে আনা কতটা যুক্তিযুক্ত। ধর্মীয় অনুভূতি, ব্যক্তিগত খাদ্যাভ্যাস এবং রেস্তোরাঁর দায়িত্ববোধ—এই তিনটি বিষয় ঘিরেই এখন উত্তাল সমাজমাধ্যম।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

