আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ইডির, তিন অভিযুক্তের নাম আদালতে
নিজস্ব সংবাদদাতা,নিউজ ইন্ডিয়া ডেস্ক : আরজি কর দুর্নীতি মামলায় তদন্তে বড় অগ্রগতি। প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ ইডি আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ইডির চার্জশিটে নাম রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সুমন হাজরা ও বিপ্লব সিনহার। প্রায় ৮০ পাতার এই চার্জশিট ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিধানসভা ভোটের মুখে এই চার্জশিট পেশ হওয়ায় বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে।
সূত্রের দাবি, তদন্তে উঠে এসেছে একাধিক আর্থিক অনিয়মের তথ্য। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে সরকারি নিয়ম লঙ্ঘন করে আর্থিক লেনদেন করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট সংস্থাকে বেআইনিভাবে সুবিধা দেওয়া হয়েছে। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে নামে ইডি।
তদন্তে সুমন হাজরার সংস্থা ‘হাজরা মেডিক্যাল’-এর নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে ইডি এবং তাদের বয়ান রেকর্ড করা হয়। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আর্থিক নথির ভিত্তিতেই প্রথম চার্জশিট পেশ করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-কে ঘিরে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্তে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরবর্তীতে সিবিআই তদন্ত শুরু করলে আর্থিক অনিয়মের একাধিক দিক প্রকাশ্যে আসে, যার পরিপ্রেক্ষিতেই ইডি এই মামলায় সক্রিয়ভাবে তদন্তে নামে।
এখন প্রশ্ন একটাই—এই চার্জশিটের পর তদন্ত কোন দিকে এগোয় এবং আগামী দিনে আরও কারা এই মামলার আওতায় আসেন, সেদিকেই নজর সকলের।

