নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও ভোটের মুখে পশ্চিমবঙ্গ। তবে এবার সাধারণ ভোটার নয়— ভোট দেবেন শুধুমাত্র বিধায়করা। রাজ্যসভার ৩৭টি আসনে দেশজুড়ে ভোটগ্রহণ হতে চলেছে, যার মধ্যে বাংলার ভাগে রয়েছে ৫টি আসন।
রাজ্যসভা নির্বাচনে সাধারণ মানুষ অংশ নেন না। বিধানসভায় নির্বাচিত বিধায়করাই ভোট দেন এই নির্বাচনে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ১০টি রাজ্যে রাজ্যসভার ৩৭টি আসনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একইদিন বিকেল ৫টার মধ্যে ভোটগণনা সম্পন্ন হবে।
বাংলা থেকে এবার পাঁচটি আসন খালি হচ্ছে, যা ঘিরে রাজনৈতিক জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তৃণমূল কংগ্রেস কাদের রাজ্যসভায় পাঠাবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। একইভাবে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।
যাদের মেয়াদ শেষের পথে তাঁদের মধ্যে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি এবং তৃণমূলের সাকেত গোখলে। এছাড়াও চলতি বছরের ৫ জানুয়ারি তৃণমূল ছাড়ার পর এক সাংসদ রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন, যার ফলে একটি আসন বর্তমানে শূন্য রয়েছে।
এছাড়া বামফ্রন্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসনও খালি হচ্ছে।
ফলে মোট পাঁচটি আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্ক কষা শুরু করেছে তৃণমূল ও বিজেপি— দুই শিবিরই। বিধানসভা ভোটের আগে এই নির্বাচন রাজনৈতিক ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

