নতুন মন্ত্রিসভা গঠনের পরই ফের উত্তপ্ত মণিপুর, চুড়াচাঁদপুরে বিক্ষোভ ও সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: নতুন মন্ত্রিসভা গঠনের রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। বৃহস্পতিবার সন্ধ্যায় চুড়াচাঁদপুর ও তুইবুং এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় পথ অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও সরকারি ভবনে হামলার ঘটনা সামনে এসেছে।
বুধবার মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউমনাম খেমচাঁদ সিং। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কুকি-জো জনজাতির এক বিধায়ক। নতুন সরকারে কুকি-জো জনজাতির নেতাদের অন্তর্ভুক্তি ঘিরেই অসন্তোষ ছড়িয়ে পড়ে ওই সম্প্রদায়ের একাংশের মধ্যে। এর প্রতিবাদে কুকি-প্রভাবিত এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়।
বিক্ষোভের মধ্যেই চুড়াচাঁদপুর ও তুইবুং এলাকায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা একাধিক রাস্তায় অবরোধ গড়ে তোলে এবং অগ্নিসংযোগ করে। পুলিশের গাড়ি ও সরকারি স্থাপনাতেও হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন সরকারে যোগ দেওয়ার জন্য কুকি-জো জনজাতির ওই নেতা ও বিধায়কদের বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা জনজাতির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ক্ষোভ থেকেই বন্ধ ও আন্দোলনের পথে হাঁটেন কুকি সম্প্রদায়ের একাংশ।
বৃহস্পতিবারের বিক্ষোভ চলাকালীন দুই জন বিক্ষোভকারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের তৎপরতায় তা প্রতিহত করা সম্ভব হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে চুড়াচাঁদপুর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। সন্ধ্যার পর একাধিক এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায়। বিক্ষোভ ও সংঘর্ষের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, টানা এক বছর ধরে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। মঙ্গলবার সেই রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়। তার পরদিনই নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নেয়। নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে নেমচা কিপগেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কুকি সম্প্রদায়ের নেত্রী। তাঁর সঙ্গে কুকি-জো জনজাতির আরও দুই প্রতিনিধি নতুন সরকারে যোগ দিচ্ছেন।
বিধায়কদের সরকারে যোগদানের প্রতিবাদে শুক্রবার চুড়াচাঁদপুরে সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে কুকি ছাত্র সংগঠনগুলি। বন্ধের পাশাপাশি একটি র্যালিও করা হয়। নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে, সে জন্য এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

