আবাস তালিকা থেকে নাম বাদ, ব্লক অফিসেই বিষপান মালদহের গৃহবধূর

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আবাস যোজনার (Awas Yojana) তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে চরম পদক্ষেপ নিলেন এক গৃহবধূ। ব্লক অফিসের ভিতরেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন মালদহের এক বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।

Awas scheme protest Malda (আবাস যোজনা নিয়ে প্রতিবাদ)
প্রতিকী ছবি

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম শুকতারা বিবি। তিনি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তাল বাংরুয়া গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, পরিবারের কোনও পাকা বাড়ি নেই। দিন আনা দিন খাওয়া সংসারে ‘আবাস যোজনা’র তালিকায় নাম ওঠায় আশার আলো দেখেছিলেন তাঁরা।

কিন্তু পরবর্তীতে সেই তালিকা থেকেই তাঁদের নাম বাদ পড়ে যায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে সোমবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক অফিসে যান শুকতারা বিবি। সেখানে গিয়েও কোনও সুরাহা না পেয়ে হতাশ হয়ে চরম সিদ্ধান্ত নেন তিনি।

অভিযোগ, ব্লক অফিসের ভিতরেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দফতরের কর্মীরা দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বিজেপির দাবি—দুর্নীতির কারণেই প্রকৃত উপভোক্তারা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় বিজেপি নেতা দেবাশিস পাসোয়ান বলেন,

“দুর্নীতির জন্য বিষপান ছাড়া মানুষের আর কী করার আছে? এটা সরকারের লজ্জা।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের আগে এই ঘটনা রাজনৈতিকভাবে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে শাসকদল ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ, অন্যদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!